গাঁয়ের কথা - দুই নম্বর (১ম পর্ব)
আরো এক গাঁয়ের কথা (১) তখনও ভোরের আলো ঠিকমত ফোটেনি , নগেন পাড়ুই দাঁতন হাতে দক্ষিন মাঠের দিকে চলেছে। শীত গ্রীষ্ম বরাবরই তার রাত থাকতে ওঠা অভ্যেস। বয়স হয়েছে , বাড়ির লোকে বিশেষ করে ছেলেরা বিরক্ত হলেও সে তার স্বভাব পালটায় নি। মাঠের ধারের জঙ্গলে প্রাতঃকৃত্য সেরে বোসেদের ঠাকুরপুকুরে যায় চানে। চান সেরে উঠে রাধামাধবের মন্দিরে প্রণাম প্রদক্ষিণ করে বাড়ি ফিরতে ফিরতে বাড়ির মেয়েদের বাসী কাজ সারা , উনুনে আগুন ধরানো এসব নিত্যকর্ম শুরু হয়ে যায়।