আমাদের পাড়া
আমি একজন ছাপোষা মধ্যবিত্ত চাকরিজীবি ভদ্রলোক, বুঝলেন কিনা। এই মফস্বল শহরের একটি পাড়ায় স্ত্রী পুত্র কন্যা নিয়ে বাস করি। পাড়াটি মোটামুটি ভালোই, বড়লোকের পাড়া বলতে যা বোঝায় তা নয় , যদিও দু এক ঘর অবস্থাপন্ন পরিবার আছে, পুরুষানুক্রমে ব্যবসাদি করে যারা একটু বেশী পয়সার মুখ দেখেছে, তেমনি আবার বেশ কিছু খোলার চালের ঘরও আছে, পাড়ার মধ্যেই, এক প্রান্তে, একটা ছোট নালা পেরিয়ে। বড় শহরে যাকে সেই বস্তি টস্তি বলে সেরকম আর কী।