ময়নামতী



শালিখের নাম ময়নামতী, পুকুরের নাম ভোম্বলদাস। সেদিন মাঝদুপুরে, আমড়া গাছের ছায়াটা যখন ভোম্বলের বুকের ওপর আড়াআড়ি পড়েছে, ময়নামতী পাড়ে বসে ডুকরে উঠল।ভোম্বলদাস সবে দেবদারু ডালের কানখুসকি কানে ফুরফুর দিয়ে চোখটা বুজতে যাবে, ঠিক তখনই টুপটুপ ঝরল ময়নার চোখের জল।
সেই ভোর থেকে শুরু হয়ে সারা বেলা পাড়ার বউ ঝি দের ঘাট সারা, কচিদের জলে হুড়োহুড়ি, বড়দের সাঁতার চান চলে, ব্যস্ত ভোম্বলের নিশ্বাস ফেলার জো থাকেনা দুপুর অবধি। সব মিটলে সে তখন একটু তন্দ্রার জোগাড় করে, আর আজ সেই ক্ষণে একী বিপত্তি!

বুকে জল পড়া ভোম্বলদাসের একেবারে না পসন্দ, সে চোখের জল হোক বা বৃষ্টির জল। এমনেতেই সে একটু মোটার দিকে, দুপাড়ে ধরেনা এমন শরীর, লম্বিতেও তেমনি, মাঝবরাবর ডুবে তল মেলাভার।
তার গভীরে দু চারটে বড় রুই কালবোশ, যারা পুরনো বাসিন্দা, তারা ঘাই মারা ছেড়ে অন্য কেউ সাহস করে যায়না, তালেবর সাঁতারুরাও নয়।

তা চেহারা অমন ভারভারিক্কি হলেও ভোম্বল বড় ভালো মনের পুকুর। মাছেরা তার গায়ে শান্তিতে হেলে দুলে খেলে বেড়ায়, পাখিরা উড়ে উড়ে ক্লান্ত হলে দুদন্ড পাড়ে বা ডালে বসে, জল খায়, সুখ দুখের কথা কয় তার সাথে। গাছ যা আছে তাদের ফল পাতা ফুল শুয়ে থাকে ভোম্বলদাসের দরাজ বুকে, নিশ্চিন্তে!
ভোম্বল সবাইকে ভালোবাসে, কথা কয় সবার সাথে, পরামর্শ দেয় সাহায্য করে, শুধু ওই জল পড়লে বড় বিচলিত হয়ে ওঠে, যেমন আজ হল।

জল পড়া মানে ভারী শরীর ফুলে ফেঁপে উঠে নড়াচড়া, দু পাড় ছাপিয়ে ওঠা, তাতে বাস যাদের সেইসব বাসিন্দাদের নাকালের একশেষ, সে নিজেও অত দৌড়ঝাঁপ পছন্দ করেনা।

“চুপ কর চুপ কর, কাঁদো মত, কাঁদো মত....শেষমেশ একটা বানভাসি করে বদনাম করবে নাকি আমার। আমি এ পাড়ার সাত পুরুষের পুকুর, কত মান্যি আমার, পুন্যিপুকুর করে মেয়েরা আমার ঘাটে, কী বলবে সব, আমার কারণে ঘর দোর ভাসলে!”

ময়নামতী থতমত খেয়ে চোখের জল গপ করে গিলে ফ্যালে। বয়স তার কম, বুদ্ধি খানিক কাঁচা এখনো, তবে অবুঝও নয়। ভোম্বলদাসের বারন বোঝে কারন ভালো না বুঝলেও আর তাই জল আটকে শুকনো চোখে ফোঁপাতে থাকে।
“জ্বালালি দেখছি মেয়ে তুই। হল কী তোর? গলায় ফুটল কাঁটা, নাকি বেড়াল শম্ভুচরণ করল তোকে তাড়া?”

ময়নামতী তার সরু ঘাড় নাড়ায় সজোরে,
“না, শম্ভুদাদা ভালো বেড়াল, কাঁটাকুটো ভাত দুধ খায়, আমাদের দিকে চায় না। কিন্ত আমার বড় দু:খু হচ্ছে আজকাল। সবকিছু কেমন বদলে যাচ্ছে, ভালোর আর যুগ নেই!”

ভোম্বলদাস এতক্ষণ মনে মনে ময়নামতীর কান্নায় একটু উদ্বিগ্ন মত হয়ে পড়েছিল, তাই মাঝ জলে বুদবুদ , ধারের জল চলকে ছল ছল শব্দ উঠে টুঠে একসা। ময়নামতীর কথা শোনার পরে, আবার সব ঠান্ডা হল। সাতপুরুষের সাত ঘাটের পুকুর মনে মনে হাসে। না: বড্ড কাঁচা এরা, কিছুই দেখেনি সংসারের, কত জল বয়ে গেছে তার মাঝে, কত না উথালপাতাল, তবে গিয়ে আজ এত শান্ত নির্লিপ্ত হতে পারে সে!
কিন্ত এখন এই শালিখ ঠাকরুনকে সেসব বলে লাভ নেই।

চোখদুটো আধবুজে মাদার গাছের ডাল দিয়ে পিঠ চুলকাতে চুলকাতে বেজার গলায় ভোম্বলদাস বলে,

“হ্যাঁ, সে তো হরদম সব বদলাচ্ছে। এতকাল ধরে কত বদল যে দেখলুম পাড়ে পাড়ে। তা এই ধর দুধারে আমার সারি সারি কত তাল গাছ ছিল, পুন্নিমের সন্ধ্যেয় ঝিরঝির বাতাস বইলে তাদের কত গল্প কত গান। তালের মরশুমে ছোট বড় কাঁচা পাকা তাল সারাদিন রাত ধুপধাপ আমার কোলে কত খেলে বেড়াতো.....সে সব দিন ছিল বটে, গন্ধে ম ম করত চারধার। আমাকে লোকে তখন নামই দিল তালদীঘি। সে নাম আজ কারো আর মনে নেই।”

ময়নামতী নিজের দু:খ ভুলে হাঁ করে ভোম্বলের গল্প শুনছিল, শেষ হতে ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় পুকুরকে,

“আহাগো, তোমার বড় প্রাণে লাগে নাগো? পুরনো সঙ্গী তালের সার, তার কিছুই তো বাকী নেই দেখি আর!
ভোম্বলদাস পোড় খাওয়া পুরনো পুকুর, জল ফেলা তার নাপসন্দ, সে সহানুভূতিতে না ভেসে, হাল্কা চালে বলে,
“না:, সময়ের এই নিয়ম। তাল গিয়ে জাম মাদার আমড়া এসব এসেছে, এরাও মন্দ কী, মানে গণে আমায়, ডাল পাতার ছায়া দেয়, কোলে ওদের ফলেরা খেলে। তবে তালের একটা অন্যরকম ব্যাপার ছিল, সে মানতেই হবে। যত একানড়ে ভুতেদের বাস ছিল তালের টঙে, নানান কান্ডকারখানা, সরগরম থাকত জায়গাটা। তালগাছ গিয়ে ভুতগুলোও সব কোন চুলোয় যে পালালো!”
বলতে না বলতেই দু চারটে পাতা উড়িয়ে একটা ঝোড়ো মতন হাওয়ায় ভেসে সাদা এক বিঘত লম্বা বেলুন একটা ভুত হাজির।

“গাসে না গাসে না, অহন আমরা ঘাসে থাহি”

ময়নামতী সাদা বেলুনের আওয়াজ শুনে চেহারা ঠাহর করতে সরু গলা এদিক ওদিক ঘুরিয়ে চোখ গোল গোল করে তাকাতেই থাকে।
“ভুত এমন হয় বুঝি, ও ভোম্বলদাস দাদা”

ভোম্বলদাস আবার বেজার, বেলা পড়ে আসছে, ঘুমের তার আজ দফারফা। প্রথমে ময়নামতী, এখন আবার এই ভুত নরেশচন্দ্র সাঁপুই!

“হ্যাঁ বীর ভূত সব তোমরা, তালগাছ ছেড়ে এখন ঘাস ধরেছো, রাজপ্রাসাদ গিয়ে ছিটেবেড়ার দাওয়া! আর যত নজর আমার মাছের দিকে, মেছোভূতের দল! এই তোমরা আর ওই মাছরাঙা কৃষ্ণকিশোরের জন্যে নিন্দেয় আমার কান পাতা দায়। মাছগুলো সাবড়ে যাও তোমরা আর লোকে বলে ভোম্বলদাসের জল ভালো নয়, মাছ বাড়ে না মরে যায়। কৃষ্ণকিশোরকে তো আমি আজকাল বাঁশের লগিতে বসতে দেখলেই জলে এমন ঢেউ তুলি যে বাছাধন মাছ খাওয়া ভুলে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচে না। কিন্ত এই ভূত গুলোকে আমিও ঠিক ধরতে পারিনা, এমন লুকিয়ে চুরিয়ে কাজ সারে এরা!”

নরেশচন্দ্র লজ্জায় অধোবদন, তারাই বা কী করে, বাসস্থান গেছে, ভোম্বলদাসের মাছই তাদের একমাত্র ভরসা, তাই ঘাসে থাকতে হলেও এ পুকুরের পাড় তারা ছাড়ার কথা ভাবতে পারেনা।
ময়নামতী এবার উসখুস করে, বিকেল হলে ভোম্বলদাসের আর তার কথা শোনার সময় হবে না, ঘাটে ঘাটে গা ধোওয়া বাসন মাজা শুরু হয়ে যাবে, ভোম্বল এ ঘাট ও ঘাট জল দিতে ব্যস্ত হয়ে পড়বে।

“ও দাদা, আমি যে এখানে একদম একা। এদিকে আর কেউ নেই। আমার এতদিন কোনো অসুবিধে ছিলনা, তোমার পাড়ে পাড়ে ঘুরে আমড়া মাদার ডুমুর জামরুল খেয়ে দিব্যি উড়ে বেড়াতাম। যবে থেকে বড় হইছি, রঙটা ছাই থেকে খয়েরী হয়েছে আর গলার কাছে হলুদ, সবাই দেখলেই হুস হুস করে তাড়ায়, চোখ বুজিয়ে ফেলে, আমার এমন শ্যামলা মাজা রঙ, এমন নরুন চেরা ঠোঁট, কাজলা চোখ কেউ ঘুরেও দেখেনা।”

নরেশচন্দ্র এতক্ষণ ময়নামতীকে খেয়াল করেনি, ভোম্বলদাসের বকুনিতে লজ্জা পেতেই ব্যস্ত ছিল, এখন ময়নার পুরো কথা শুনে সে এহে এহে করতে করতে ঘুরে যায় অন্য দিকে।
মুখ চোখ না বোঝা গেলেও ঘোরাটা দিব্যি বুঝতে পারে ময়নামতী, তার গলা রোঁয়া সব অভিমানে ফুলে ওঠে,

“দেখছ ভোম্বল দাদা, শেষে ভুতেও আমার দিকে তাকাবেনা বলে মুখ না কী ওদের তাই ঘুরিয়ে নিচ্ছে! না: আমাকে তোমার তলায় নিয়ে নাও, ডুব দিই। কারোকে আর মুখ দেখাতে হবে না।”

নরেশচন্দ্র কোনোদিকে একটা তাকিয়ে একটা ঘাসফড়িং চিবোতে চিবোতে বলল,

“তার চেয়ে একটা সঙ্গী যোগাড় করে দুটিতে থাকলেই তো হয়। সবাই আদর করে ডেকে নেবে, দুর দুর না করে নমস্কার করবে, কত সম্মান হবে!”

ভোম্বলদাস চুপ করে দুজনের কথা শোনে। ময়নামতী এবার অভিমান ভুলে রাগে বেগুনী।

“কেন, সাথে সঙ্গী না থাকলে আমার দিকে তাকানো যাবেনা। এ আবার কেমন কথা! কী এমন দোষ করেছি আমরা শালিখেরা, যে আমাদের জন্যে এমন সৃষ্টিছাড়া নিয়ম ! যতদিন না কেউ জোড়া আসে আমাকে ততদিন লোকের তাড়া খেতে হবে। এই তো তোমরা আমাকে দেখছ এতক্ষণ ধরে, কী খেতিটা হয়েছে শুনি?”
ভোম্বলদাস পুকুর, ঘুম না হওয়ায় রাগে চুর। ঢেউ তুলে ঝাঁঝিয়ে ওঠে,

“ খেতি হয় নি মানে? এই যে দুপুরের বিশ্রামটা বরবাদ হল তোদের জন্যে, সে খেতি নয়।”

নরেশচন্দ্র সাঁপুই, বেলুনের শেষটা ল্যাজের মত সরু করে হাওয়ায় ভাসিয়ে উড়ন্ত আর একটা ঘাসফড়িং খপ করে ধরে মুখে পুরে বলে,

“আমিও তো পুকুরদার কাছে মাছ চুরির জন্য গাল খেলাম, ময়নামতীর মুখ দেখেছি বলেই না!”

ময়নামতী শালিখের মুখটি করুণ হয়ে এল, তা দেখে আমড়াগাছও ছলছল, ফোঁটা ফোঁটা টুপটাপ জল ঝরে, ওদিকে পড়ন্ত রোদে মেঘের ছায়ার মত, আকাশও বুঝি নরম হয় ময়নার কথা শুনে।

ভোম্বলদাস পুকুরের বুক করে দুরুদুরু। এইভাবে সবাই যদি জল বর্ষায়, তার তো মহা বিপদ, যে করেই হোক ময়নামতী শালিখের মুখে হাসি ফোটাতে হবে তাকে!

“ ও আমার শালিখ রানী ময়নামতী বোন। রাগিস কেন তুই, এই সামান্য ব্যাপারে রাগতে হয় নাকি, ছি:, তুমি না বড় হয়েছ, মাজা রঙ, নরুনচেরা ঠোঁট, কাজলা চোখ তোমার। পৃথিবীতে এরকম কত নিয়ম আছে আবার নিয়ম ভাঙার উপায়ও সমান আছে, আর তোর এই সামান্য সমস্যার সমাধান নেই!”

ময়নামতী কোনো উত্তর করে না তবে শুনতে থাকে ভোম্বলদাস পুকুরের কথা। ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু হয়েছে, আকাশও শুনছে পুকুরের কথা, দরকার বুঝে জল পড়ার গতি বাড়াবে!

সামান্য হাঁপাতে থাকে ভোম্বলদাস পুকুর, জল পড়ে ফুলতে শুরু করেছে মাঝ বরাবর সে।

তবু দম নিয়ে সে নরেশচন্দ্র সাঁপুই কে বলে

“ময়নার দিকে তাকা, তারপর ঠিক তার নীচেই আমার জলের দিকে তাকাবি।”

সাঁপুই সম্ভবত ঘোরেনা, কারন হাওয়া দেয়না। তাই দেখে পুকুর বলে,

“এই আমার হাতে একটা কালবোশ, দেখলে পাবি, না দেখলে আমার পাড়ের ঘাস সব উপড়িয়ে তোদের বাস ঘোচাবো।”

এবার হাওয়া দেয়, ঝড়ে দু একটা পাতা ওড়ে, ময়না কী হচ্ছে বুঝতে না পেরে আরো একটু এগিয়ে যায় ভোম্বলদাস পুকুরের দিকে।

পুকুর জলের গলায় নরেশচন্দ্র সাঁপুইকে আবার জিজ্ঞেস করে,

“কীরে কী দেখিস?”

সাদা বেলুন নড়েচড়ে এগোয় ময়নামতী শালিখের দিকে, পৌঁছে যায় ভোম্বলদাস পুকুরের একদম পাড়ে।

“এ যে দেহি দুইখান ময়না, ডাঙায় এক ও জলে আরেক।”

“তবে ? জোড়া হল কিনা, দেখলি কিনা জোড়া ময়নামতী, নমস্কার কর নমস্কার কর!”

ময়নামতী খিলখিলিয়ে হেসে ওঠে। সাদা বেলুনের নজর তখন জল থেকে ডাঙায় ওঠা কালবোশের দিকে, লেজ বাড়িয়ে সাপটে তুলে নেয় কালবোশ আর রুই, তালগাছ ও অধুনা ঘাসের বাসিন্দা নরেশ সাঁপুই!

আকাশ হেসে রোদ উঠে পড়ে আবার, আমড়া গাছ খুশীতে টুপটাপ পাতা ঝরায় ভোম্বলদাসের জলে।

ঘাটে ঘাটে আনাগোনা শুরু, বিকেলের কাজ শুরুর আগে ভোম্বলদাস পুকুর ঢেউ তুলে এগিয়ে যেতে যেতে, ময়নামতী শালিখকে বলে,

“ময়নামতী বোন, আমি থাকব যতক্ষণ, তোর পাশে সুখে দুখে। এক থেকে তুই হলি যে দুই, তোর ছায়া আমার বুকে।”


////////////////////////////////////////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
- ©সরবানী রায়

Comments

Post a Comment

Popular posts from this blog

ভগবানের আপন দেশে - জলপথে একদিন

গাঁয়ের কথা - দুই নম্বর (১ম পর্ব)