আমাদের পাড়া



আমি একজন ছাপোষা মধ্যবিত্ত চাকরিজীবি ভদ্রলোক, বুঝলেন কিনা। এই মফস্বল শহরের একটি পাড়ায় স্ত্রী পুত্র কন্যা নিয়ে বাস করি।
পাড়াটি মোটামুটি ভালোই, বড়লোকের পাড়া বলতে যা বোঝায় তা নয় , যদিও দু এক ঘর অবস্থাপন্ন পরিবার আছে, পুরুষানুক্রমে ব্যবসাদি করে যারা একটু বেশী পয়সার মুখ দেখেছে, তেমনি আবার বেশ কিছু খোলার চালের ঘরও আছে, পাড়ার মধ্যেই, এক প্রান্তে, একটা ছোট নালা পেরিয়ে। বড় শহরে যাকে সেই বস্তি টস্তি বলে সেরকম আর কী। 

এই মফস্বলে আমরা ওসব বলিনা, এক পাড়ার বাসিন্দা সব, এক পরিবারের মত। এক সাথেই থেকে এসেছি চিরকাল, দরকারে সবাই সবার কাজে আসে, পুজো পাব্বন বিয়েশাদী, বচ্ছরের বড়দিন, পিকনিক, একসাথে পালন হয়। বিকেলে মন্দিরের চাতালে, ফুটবল মাঠের ধারে বুড়োবড়দের আড্ডা, বাচ্চাদের খেলাধুলো, মেয়েদের দুপুরের আসর, খিড়কি দোরের যাতায়াত, এসবের কোনো ছোটবড় তেমন ছিলনা।
আমার একতলা চাকচিক্যহীন পাকা বাড়ির পাশে, মুখুজ্জ্যের তিনতলা বাড়ি, পাঁচমিশেলী পাড়া যেমন হয়, আর কী, আশাকরি বুঝতে পারছেন।

সুখে দুখে কাটছিল বেশ জানেন, মনকষাকষি ঝগড়া ইত্যাদি যে একেবারে ছিল না তা নয়। পাড়ার বারোয়ারী পুজো, বড়দিনের পিকনিক, দিনের জলসা, ছেলেদের ফিস্ট এ সমস্ত নিয়ে কোনো না কোনো সময়ে কিছু না কিছু গন্ডগোল হয়েছে, আনন্দ মজার পাশে পাশে। বড়লোকদের বাড়ির সদস্যদের প্রথম পাতে ভালো মাংসের টুকরো দিয়ে কিছু লোককে শেষে শুধু আলু ঝোল দেওয়া হয়েছে, এরকম নালিশ শোনা গেছে। আবার সব মিটে গিয়ে কিছুদিন পর শান্ত পাড়া, মেলামেশা আগের মতন।
পাড়ার কিছু কর্তাব্যক্তিরা এসব ঝক্কি সামলাতো, একটা কমিটি ছিল, যারা রাস্তার আলো, কালি মন্দিরের নিত্যপুজো, মাজারের মোমবাতির খরচ, ড্রেন পরিস্কার, রোজের রাস্তা ঝাঁট দেওয়ার ব্যবস্থা, সব দেখাশোনা করত।আমরা বাকীরা ওই মাস গেলে কিছু চাঁদা দিয়েই খালাস।
টাকাপয়সা যা দিতে হত তা তেমন বেশী না, সবার বরাদ্দ চাঁদা সমানও ছিল না। সে আমরা জানতাম, তবে তা নিয়ে আমার মত লোকেদের অন্তত কোনো আপত্তি ছিল না। যাইহোক আমি সরকারি চাকরি করি, আমি যত দিতে পারি, খোলার ঘরে থাকা, স্টেশনে ঘুগনি বেচা, বৈজু অত কী করে দেবে?
তা কমবেশী টাকা দেওয়া হয় বলে পাড়ার খাওয়া দাওয়া অনুষ্ঠান আচারে ভেদাভেদ করার নিয়ম ছিল না। তবে ওই মাংসের টুকরোর ভাগের মত সুক্ষ্ম ব্যাপারস্যাপার হয়ত রয়ে গিয়েছিল,চাপা ক্ষোভ কিছুও।তা সে তো পাঁচজন নিয়ে ঘর করতে গেলে হয়েই থাকে!

ওই দুই তিনঘর অবস্থাপন্ন বড়বাড়ির লোকেরা বেশী কম সুবিধে হয়ত পেত, মানে রাস্তার আলোটা ঠিক তাদের বৈঠকখানার নীচে লাগানো হল, মন্দিরের আমগাছের ফলের ভাগ সকলের আড়ালে পুরোহিত ওই বাড়িতে পাঠিয়ে দিল, ভোগের ক্ষীরটাও। ওদের সুবিধেমত অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হল। তবে ওরাও তেমনি পুজোর খরচে একটু বেশীই ভার নিত অন্যদের তুলনায়। কোনোবারে প্রতিমার পুরো টাকাটাই দিল হয়ত, কখনো অষ্টমীর মিষ্টি, নবমীর ভোগ! চাপা সমালোচনা অসন্তোষ ছিল কিছু কিছু নিয়ে কারো কারো, মাঝে মাঝে রাগারাগি হত, কেউ হয়ত কিছুদিন পুজো বয়কট করল, বা পিকনিকে গেলনা।তবে সেসব বাদ দিলে, সবাই একসাথে মিলেমিশে কাজ করার মজাই আলাদা ছিল, অনুষ্ঠানের আনন্দ দ্বিগুণ হয়ে যেত। 

কিছুকাল আগে থেকে, কেমন যেন একটু একটু করে হাওয়া বদল শুরু হল। ছোট ছোট নালিশ, যা আগে উঠে আবার বুদবুদের মত মিলিয়ে যেত, সেগুলো যেন দানা বেঁধে বড় আকার নিয়ে ঘুরে ফিরে বেড়াতে লাগল, পাড়াজুড়ে। প্রথমে শোনা গেল, অনেকের বাড়ি থেকে কিছু কিছু জিনিস নাকি পাওয়া যাচ্ছেনা, বেপাত্তা হয়ে যাচ্ছে।
ঘরে আমার গিন্নিও গরম হয়ে বললেন,
 
“আরে পাড়া কমিটির অমুকবাবু আগের রবিবার মাসের টাকা নিতে এল না? তুমি তো গল্পে মত্ত হয়ে ছিলে, আমাকে দিয়ে দু বার চা করালে, কত বেলা অবধি বসে থাকল, হা হা গল্প, লোকের বাড়ি, নাওয়া খাওয়ার সময়ের খেয়াল নেই, দলটাই বেয়াক্কেলে লোকে ভত্তি।
নালার ধার পাকা হবে, ক্লাবে লাইব্রেবী হবে, কত বড় বড় বয়ান।এতদিন কী করছিলি সব বসে বসে?
তারপর বিকেলে দেখি বসার ঘরের টেবিলে রাখা দাদাশ্বশুরের ঝর্না কলম টা নেই। কত পুরনো বিলিতী জিনিস, বাবু বলছিল নিলামে ও জিনিসের নাকি এখন অনেক দাম।”

এরকম করে চুরি করবে কেউ, চোখের সামনে, এত সাহস। কিন্তু গিন্নিকে তা বলার সাহস আমার ছিলনা।
এরকম অনেক বাড়ি থেকেই নানা নালিশের রব উঠল। খোলার চালের ঘরগুলোর থেকেও কিছু কিছু শোনা গেল। 
গতবারের পিকনিকে শেষপাতে ওদের বাড়ির ছেলেদের রাজভোগের বদলে রসগোল্লা দেওয়া হয়েছে। যারা পাড়ার দায়িত্বে আছে তাদের সম্বন্ধে নানা অভিযোগ উঠতে লাগল।

পাড়াতে, ওই মন্দিরের পাশের ছোট একফালি ঘরে কিছু লোক, যারা নিজেদের কৃষ্ণের সেবক বলত, তাদের আড্ডা আসর ছিল, বেশী না অল্প কজন। দু একজন পাড়ার বাসিন্দা, কেউ কেউ অন্য পাড়ার। এমনি কিছু না, গলায় কণ্ঠি পরত, কাপড়টা হাল্কা সেই রঙে ছোপানো। তা পাঁচ মিশেলী পাড়া, এমনটা তো হতেই পারে।
যেমন গোলাপি বাড়ির নীচের ঘরে, কিছু দাড়িওয়ালা ছেলেদেরও আসর বসত, কেমন সব দেশী বিদেশী গান বাজনা কবিতা হত, চেঁচামেচি তক্ক হত, এরা নাকি এদিক ওদিক নানা কাজ করে বেড়ায়, অনেকে সেসবকে অকাজও বলত। তাহলে আর কণ্ঠিধারীদের আড্ডায় কী দোষ!
মাঝেমধ্যে দলের কীর্তন টির্তন হত, ফি পূর্ণিমা তে। ছেলে বুড়ো সবাইকে হরির লুটের বাতাসা বিলি করত এরা, বড় সাদাসিদে, বিনয়ী লোকজন সব, মুখে মধুমাখা, দেখা হলে হাত জড়ো করে মাটিতে প্রায় নুইয়ে পড়ে।
কখনোসখনো কীর্তন পাঠ বা গুরুসেবার নামে দু পাঁচ টাকা নিতে আসত, সদরের চৌকাঠও পেরোতো না। বিনয় দেখে গিন্নি ততটাই মুগ্ধ, ঠিক যতটা তিতিবিরক্ত হত পাড়ার কমিটির কর্তাদের মাসিক চাঁদা চাইবার নাম করে এসে সাত গল্প আর চা ধ্বংস করা নিয়ে!

এদিকে কমিটির দিকপালদের বড় খারাপ সময় শুরু হয়েছে। তাদের নামে প্রায়ই নতুন নতুন অভিযোগ শোনা যাচ্ছে। ঘরের জিনিস চুরি করেছে, মন্দির মেরামতের দায়িত্ব যারা নিয়েছিল কেউ কেউ নিজেদের ঘর মেরামতও করিয়েছে, কথামত রাস্তা সারায় নি, ফুটবল ম্যাচের পয়সা সরিয়েছে।
অসন্তোষ বাড়লে বড় বাড়িগুলোর হোমরাচোমরা মালিকরা একদিন পাড়ার বাকি লোকেদের ডেকে আলোচনা সভা করল। বিচার টিচার করে নানা আলোচনার পরে প্রস্তাব এল যে এতদিন ধরে এই এক কমিটি পাড়ার দায়িত্বে আছে, মাঝে একবার অল্পসময় বাদ দিয়ে।
এরা ঠিকমত কাজ করেনা, এদের বিরুদ্ধে অজস্র অভিযোগ আসছে, এমনকি সিরিয়াস চুরি, তছরুপের কথাও শোনা যাচ্ছে, যদিও সবকিছুর প্রমাণ ঠিকমত নেই, তা সেতো কমিটিতে আছে বলে। এ
কবার নতুন লোক কমিটিতে এলেই জারিজুরি সব ধরা পড়বে, এতকাল ধরে কেমন করে কমিটির নামে পাড়ার লোক ঠকিয়েছে, সব ফাঁস হয়ে যাবে।

সভাতে দেখলাম কন্ঠিধারী কজন কর্তাদের পাশে পাশে রয়েছে, মোলায়েম হাসিমুখে এটা ওটা এগিয়ে দিচ্ছে, পানের ডিবে, সিগারেটের প্যাকেট।সভা উত্তেজিত হয়ে পড়লে চাপাগলায় বুঝিয়ে শান্ত করছে, ব্যবহার দেখে সবাই তো ভারী মুগ্ধ। শোনা গেল এরা এ পাড়ার ভার নিতে আগ্রহী।
সৎ ধার্মিক লোক সব, সাদাসিধে, নির্লোভ, বিনয়ী, পরোপকারী, নেশা নেই। গেরস্তের ঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা চা সিগারেট ধ্বংস করে, রাজাউজির মারবে আর কাজের বেলায় অষ্টরম্ভা, তেমনটা হবার সম্ভাবনা কম।
এদের অনুষ্ঠান যত দেখা গেছে, কীর্তন, চব্বিশপহর, সেসব এরা খুবই শৃঙ্খলার সঙ্গে আয়োজন করে, অতএব পাড়ার যাবতীয় পুজো পাব্বন, সেসব দায়িত্ব এরা ঠিকই সামলাতে পারবে।
অনেকেরই মত দেখলাম যে এবার কমিটির ভার এদেরই দেওয়া হোক, বদল একটা দরকার।
সেইমত সভা শেষে কর্তারা যখন প্রস্তাব দিল, যে এই কৃষ্ণের ভক্তদের হাতে পাড়ার ভার তুলে দেওয়া হোক, তখন সম্মতি দেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। 

আমার মত দু চারজন লোক যারা ভিড় থেকে একটু দুরেই থাকি, সভার একেবারে পেছনে, শেষ সারিতে বসেছিলাম, হ্যাঁ না কিছুই বললাম না, কারণ সব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাতে কিছু এসে গেলনা অবশ্য। কণ্ঠিধারী দলের দলপতি উঠে দাঁড়িয়ে হাসি হাসি লাজুক মুখে তখন এই গুরুদায়িত্ব ভার নিতে রাজী হওয়ার কথা জানালো, কৃষ্ণের সেবা, যত গুরুভারই হোক, না বলতে পারেনা তারা।
জনতা মুগ্ধ হয়ে দেখল তার বিনয়, মিটিমিটি হাসি, চাতালের চারশো ওয়াটের বাল্বে চোখমুখ থেকে যেন জ্যোতির মত আলো ঠিকরে পড়ছে।
শুধু গান তর্ক করা দাড়িওয়ালা ছেলেছোকরার দল এ ব্যবস্থায় আপত্তি জানালো, ওদের মতে এসব কন্ঠি কীর্তন সব আসলে ভেক, এদের কমিটির ভার দিলে পাড়ার ভালো হবেনা। কিন্তু, সব ছেলেমানুষ, তাছাড়া পরিস্কার কোনো মনে ধরার মত যুক্তি দেখাতে না পারায় ওদের কথায় কেউ আমল দিতে চাইল না। শেষমেশ ওরা গোমড়া মুখে নিজেদের মধ্যে কীসব বলাবলি করতে করতে মিটিং ছেড়ে চলে গেল।
এমনিতে কিছুদিন ধরেই পাড়ায় যেখানেই যাই, শুনি, কন্ঠিধারীদের প্রশংসায় সব একেবারে পঞ্চমুখ। আমি তেমন খবর রাখতাম না, অফিস কাছারি করে সময় কোথায়। শুনলাম খোলার চালের বাসিন্দাদের এরা ভালো মাংসের টুকরো আর শেষপাতে রাজভোগের পাকাপোক্ত গ্যারান্টি দিয়েছে।

ভালোই মনে হল, বড়বাড়ির লোকেরাও খুশী, আবার খোলার চালের ঘরের ওরাও। আমরা মাঝখানের লোক, সাতেপাঁচে থাকিনা, চাঁদা দেওয়া টুকু ছাড়া, যেই কমিটিতে আসুক, আমাদের আর কী এসে যাবে!
তাও দু একজন দেখলাম বেশ উৎসাহী, পারলে তারাও সেই মুহূর্তেই কন্ঠি ধরে।
আগের কমিটির লোকেরা সব মুখ কালো করে বাড়ি গেল, বেশী কিছু বলতে পারল না। দু একজন একটু চেষ্টা করেছিল সাফাই দেবার, একজন এও বলল যে তাদের বিরূদ্ধে বেশীরভাগ অভিযোগ আসলে কন্ঠিধারীর দল ও বড়বাড়ির লোকেদের মিলিত ষড়যন্ত্র , কিন্ত কেউ তাদের কথায় আমল দিলনা। ছেলে ছোকরা থেকে মেয়ে বুড়ো সবাই পাড়াতে একটা বদল চাইছিল।

শুধু সেদিন মিটিং থেকে ফেরার পথে আমার প্রতিবেশী, সচরাচর যে কম কথা বলে বা সংক্ষেপে কথা সারে, সে আকাশের দিকে তাকিয়ে বলল,

“কালো মেঘ সব সময় চোখে পড়েনা, হঠাৎ করে আকাশ ছেয়ে যায়, তুমি টেরও পাবেনা বৃষ্টি সব ভাসিয়ে দেবে। তা বাবু, জানেন কী, কন্ঠি দের দলপতির নামে নাকি অন্য পাড়ায় দুষ্কর্মের মামলা ঝুলছে। অন্যান্য সদস্যদেরও সব তেমনিই সুনাম ভারী, কুলোকে বলে সেজন্যেই এত হরির লুট আর কন্ঠিধারণের ঘটা!

শুনে একটু কেমন লাগলেও, খুব একটা কিছু মনে হলনা। প্রতিবেশীটি আমার ওরকমই, সব ব্যাপারেই সিঁদুরে মেঘ দেখা অভ্যেস। আগের কমিটির লোকেদের দোষ ছিল বলেই না চুপচাপ এমন বদল মেনে নিল, নাহলে তারা কি আর বড়বাড়ির লোকেদের কম প্রিয় ছিল, মাংসের ভালো টুকরো, রাজভোগ, প্রসাদের সিংহভাগ, বাড়ির সামনে আলোর রোশনাই, খোলার চালের ঘরগুলোর রাস্তা অন্ধকার রেখে, কম কিছু তারাও করেনি তো।

“যেই আসুক দাদা, আমার আপনার আর কী আলাদা হবে? তফাত যা হবে সে ওই বড়বাড়িগুলির আর খোলার ঘরের বাসিন্দাদের। পাড়ায় শান্তি থাকলেই আমাদের হল।“
বাড়ি এসে গেছিল, উনি একটু শুকনো হেসে, গেট ঠেলে ঢুকতে ঢুকতে সংক্ষেপে বললেন, 
“শান্তি? সে হলে তো ভালোই!”

দুদিন পরে অফিস যাওয়ার পথে দেখলাম, মাঠে রাস্তায় ভয়ানক সাফাই অভিযান শুরু হয়েছে। নতুন কমিটির লোকেরা ঝাঁটা হাতে পাড়ার মাঠে রাস্তায় নেমে পড়েছে। দলপতি সবার আগে টুক টুক করে দুটো পাতা ঝাঁট দিতেই সবাই আহ্লাদে “রাধে রাধে” করে উঠল, সেকী উৎসাহ। এতদিন এরা যা করত চাপাস্বরে, বেশী আওয়াজ টাওয়াজ শোনা যেত না। এখন একেবারে এই উপলক্ষ্যে খোল কর্তাল নিয়ে ভাড়া করা কীর্তন দল এসেছে।
পাড়ার অনেকে যাদের তেমন কাজ নেই তারাও নেমে পড়েছে ঝাঁটা হাতে। নতুন একগুচ্ছ ঝাঁটা কেনা হয়েছে কমিটি থেকে এ জন্যে।দূর থেকে দেখে চলে এলাম, অফিসের দেরী হয়ে যাচ্ছিল। পরে শুনলাম বেপাড়ার লোকজনও নাকি এসেছিল। সেদিনের ঝাঁটা অভিযান প্রতীকি ছিল, পরের দিন থেকে বেশ কিছু লোক লাগানো হল, নিয়মিত পাড়ার রাস্তা, মন্দির, নালা ইত্যাদি পরিস্কার করার জন্যে।
সবাই খুশীই, চারধার পরিস্কার হলে কার না ভালোলাগে। 

কানাঘুষো শুনলাম পরিস্কারের জন্য বাইরের লোক আনা হয়েছে। আগের আমলে যে দুজন খোলার চালের ঘরের বাসিন্দা এই সাফাইয়ের কাজ করত, তাদের বলা হয়েছে, যে এতদিন তারা মোটেই ঠিক করে কাজ করেনি, ফাঁকি দিয়েছে, চাকরি পাকা ধরে নিয়ে, ফাঁকা সময়ে গিয়ে নিজেদের বাড়ির কাজ বা ব্যবসা করেছে, আবার কমিটির কাছ থেকে মাইনেও নিয়েছে। এবার যাদের রাখা হচ্ছে, তাদের কাজ অনুযায়ী পয়সা, এবং কাজ ঠিকমত না হলেই বিদায় করে দেওয়া হবে।

অনেকেই বেশ প্রশংসা করল এই পদক্ষেপের, শাসন করতে গেলে কড়া তো হতেই হবে।ঘরে গিন্নি তো এদের ফ্যান হয়ে গেল। আগের সাফাইয়ের লোকগুলো খুব মেজাজ দেখাতো। ঘরের সামনের রাস্তায় বললেও ঠিকমত ঝাঁট দিতনা, সব পরিস্কার করার ধুম শুধু কমিটির লোকেদের ঘরের দোরগোড়ায়!এবার সব শায়েস্তা!
কয়েকদিন বাদে খেয়াল করে দেখলাম, তেমন আলাদা পরিস্কার কিছু নজরে পড়ল না। শুনেছিলাম অন্য জায়গা থেকে বিশেষ পারদর্শী দেখে সাফাই করার লোক আনা হয়েছে, আসতে যেতে উঁকি মেরে তেমন বিশেষজ্ঞ কাউকে চোখে পড়ল না।প্রতিবেশী দাদার কাছে কথায় কথায় কথাটা তুলতে, মুচকি হেসে বললে, 

“আপনিও যেমন, এসব মফস্বলে সাফাই বিশেষজ্ঞ কোথা থেকে আসবে, ওই তো মাঝের পাড়ার যদুর দলের কিছু লোক।“
“যদুর দল? তারা তো শুনেছিলাম.........”
“চেপে যান, যা শুনেছেন আর মুখে আনবেন না। দিনকাল বদলাচ্ছে, সব কথা মুখে আনা ঠিক নয়।তাছাড়া সাফাই বিশেষজ্ঞ হলেই হল, কী সাফাই, কেমন সাফাই, অতসব নিয়ে আপনার আমার ছাপোষা মানুষদের কী কাম।“ 

অফিস থেকে ফিরে হাতমুখ ধুয়ে চা নিয়ে বসেছি সবে, কমিটির একজন কন্ঠিধারী এসে সদর দরজায় দাঁড়ালে। সেই আগের মতই বিনয়ে মাথা প্রায় মাটিতে নুয়ে পড়ছে। তবে আলোর নীচে দেখলাম পরণের কাপড়টা সেই আগের মত ছোপানো, ঘরে কাচা, নয়। বেশ চকচকে উজ্জ্বল, যদিও পরার ধরণটা একই আছে।
গিন্নি তো তাকে দেখে কী করবে, কিভাবে আপ্যায়ন করবে ভেবে পায়না। চা নিয়ে এল, কিন্তু বিনয় বাবু চা খাননা, ওরা কেউই এমনিতে চা খাননা, শুধু আজকাল দলপতি ডাক্তারের নির্দেশে বড় শহর থেকে একরকম বিশেষ সাদা চা আনিয়ে, তাই দুবেলা খান।
গিন্নি সামান্য উদ্বেগ জানায়, আহা, অমন মানুষ, তার শরীর ঠিক নেই বুঝি? 
বিনয় বাবু সবিনয়ে জানান, না না দলপতির শরীরে কোনো সমস্যা নেই, সকাল বিকেল যোগব্যায়াম করে করে ওর হাতির বল শরীরে, তবু যাতে সুস্থ থেকে পাড়ার লোকের দিনরাত সেবা করতে পারেন ঠিকমত, তাই ডাক্তারের পরামর্শে রোগব্যাধিকে দূরে রাখতে সাদা চা ইত্যাদি খান!
আমি শুনেছিলাম, সাদা চায়ের নাকি বিশাল দাম, কৃষ্ণের সামান্য সেবক কী করে সেই চা খান, কে জানে। তবে কিছু বললাম না। গিন্নির শরবত বা লেবুর রস নিয়ে জোরাজুরির মাঝে আগমনের হেতু জানা গেল, চাঁদা।
একটু ধন্দে পড়লাম, কমিটির মাসিক চাঁদা তো কিছুদিন আগে, মাসের প্রথমেই দিয়ে দিয়েছি।
বিনয়বাবু আমার অজ্ঞতায় একটু করুণার হাসি হাসলেন।
“কত কাজ জানেন? আগের কমিটি এতগুলো বছর ধরে কিছুই করেনি, সেসব তো এখন আমাদেরই করতে হবে। শুধু মাসিক চাঁদায় কী আর হয়!”
খোলার ঘরগুলির জন্যে আলাদা স্নানঘর তৈরি হবে, ওদের মহিলারা ফাঁকা জায়গায় যায়, এটা পাড়ার সম্মানের পক্ষে ভালো না, তার জন্যে চাঁদা তোলা হচ্ছে।
কাজটা মন্দ না, গিন্নির উতসাহে একটু বেশীই চাঁদা দেওয়া হল। বিনয়বাবু খুশী হয়ে শেষ পর্যন্ত চারটে তুলসীপাতা ফেলে লেবুর জল খেয়ে ফেললেন, অবশ্য চৌকাঠে দাঁড়িয়েই!

বেশ কয়েক সপ্তাহ পরে ওদিকে গেলাম একদিন। গিন্নির সহায়িকা কালির মা থাকে খোলার ঘরে। দুদিন ধরে কালির জ্বর, শুনে একবার দেখতে গেলাম, ডেঙ্গু নয়ত, সেরকম মনে হলে ওদের বলতে হবে হাসপাতাল নিয়ে যেতে। নালা পেরিয়ে, সারি সারি খোলার চালের ঘর গুলো যেখানে শেষ হয়েছে সেখানে দেখলাম কতগুলো সরু ইটের থাম তোলা, শুনলাম স্নানঘর হচ্ছে, ভালো লাগল, যাক কিছু কাজ হচ্ছে।
ফিরতি রাস্তায় মন্দিরের চাতালের আড্ডায় গেলাম। সেখানে দু চারজন খুব বুড়ো লোক আর আগের কমিটির একজন দুজন ছাড়া কেউ নেই, বাকিরা কোথায় জানতে চাইলে কেউ ঠিকঠাক বলল না, চুপ করে রইল।
পাড়ায় একদম ঢোকার মুখে কিছুটা ফাঁকা জমি ছিল, মাঝখানে শুধু একটা বেলগাছ। জমিটার মালিকানা নিয়ে দুই বড়বাড়ির মধ্যে গন্ডগোল ছিল বলে শুনেছি।একদিন দেখা গেল বেল গাছটা কাটা হয়েছে, জমি পরিস্কার হচ্ছে। কী হবে প্রথমটায় কেউই ঠিক বলতে পারল না। দুদিন পরেই অবশ্য চাঁদা নিতে এল কমিটির লোক, ভিতপুজোর, কমিটির পাকা অফিস হবে। এতকাল অফিস ছিল পুরনো কমিটির একজনের গ্যারাজে। নতুনরা সেখানে না বসে, ওদের ছোট আড্ডাঘর থেকেই কাজ চালাচ্ছিল, সেখানে জায়গা কুলোচ্ছে না, এত কাজ। 

মহা ধুমধামে অফিসের ভিত পুজো হল, সংকীর্তন, ভোগ, চারদিকে চারটা মাইক লাগিয়ে, পাড়া বেপাড়া সবাইকে জানিয়ে। অন্যান্য পাড়ার লোকেরাও আজকাল আমাদের পাড়ার কমিটির কাজকম্ম দেখতে আসে, প্রশংসা করে দলপতির। বড় শহর থেকেও নাকি তার ডাক আসছে। সবই গিন্নির খবর, আর ওই কখনো সখনো মন্দিরের আড্ডায় গেলে শুনতে পাই।
খোলার চালের ঘরগুলোর ওদিকে আলো লাগছে, স্নানঘরও হচ্ছে, প্রতি পূর্ণিমায় সবাইকে ঘরে ঘরে খই বাতাসা প্রসাদ দেওয়া হয়, কালির মা গিন্নিকে বলে যখন, কিছু কিছু আমারও কানে আসে।

মাস কয়েক কাটার পরে একদিন স্টেশন বাজারে যেতে হয়েছিল, বৈজুর সঙ্গে দেখা, ঘুগনি বেচছে, পাশে ওর প্রতিবেশী মদন পেয়ারা আর কটা চালতা নিয়ে বসেছে।মদন আগে পাড়া সাফাইয়ের কাজ করত। কাজটা কি তাহলে গেছে! সরাসরি না জিজ্ঞেস করে বললাম,
“কীরে, তোদের ওদিকে তো উন্নতি হয়েছে শুনলাম?”
বৈজু ব্যাটা একটু মাথামোটা ধরণের বরাবরই, স্কুলে আমার সাথেই পড়ত, কোনোদিন পরীক্ষায় পাশ করেনি। মাথা নাড়িয়ে বলে উঠল,
“উন্নতি আবার কবে কার হল?বটার যে মেয়ে হয়েছে, তার নাম তো মিনতি রেখেছে। তুমি কার কথা বলছ বল দেকি?” 

এমনি বেশ ভালোই চলছিল, জানেন, আমরা ছাপোষা মধ্যবিত্ত লোক, আমাদের আর কী, চললেই হল।দিনে দিনে শুধু ওই চাঁদার হার বেড়েই চলেছিল, তাতেই যা অসুবিধে। মাসের বাঁধা চাঁদা ছাড়াও অফিস ঘরের চাঁদা, মন্দিরের চাঁদা, স্নানঘরের চাঁদা, আরও কী সব। সে ওরাই বা কী করবে, আমাদের সেই কথায় বলে না, বারো মাসে সতেরো পাব্বন, লেগেই আছে।তবে অনেক কিছু হচ্ছিলও জানেন,মানে কী ঠিক না জানলেও বুঝতে পারছিলাম হচ্ছিল। সভা সমিতি ডেকে না হলেও হচ্ছিল। সভায় ডাক পড়া আমাদের বন্ধই হয়ে গেছিল।
সব ব্যাপারে সবার মতামত নিতে গেলে কাজ এগোয় নাকি! এই করেই আগের কমিটি কোনো কাজ করেনি, শুধু মিটিং, সভা আর চা জলখাবার করে পয়সার শ্রাদ্ধ করেছে।

সে একদিকে ভালোই হয়েছে, আমার ওই মিটিঙের চক্করে আগে একটা ছুটির দিনে, আয়েশ করে চা নিয়ে বসে রবিবারের বিকেলের সিনেমা দেখাটা মাটি হত।সেসব এখন আর হয় না। সবকিছু কমিটি নিজেরাই ঠিক করে নেয়। বছর ঘুরতে না ঘুরতেই দোতলা অফিস বাড়ি তৈরি সম্পূর্ণ। দু একজন একটু প্রশ্ন তুলেছিল এত টাকা কোথা থেকে এল, একটা পাড়ার কমিটির এতবড় অফিস বাড়ির কী দরকার, ইত্যাদি। সেসব কানে যেতে দলপতির খুব অভিমান হয়েছে শোনা গেল।কিছু নাকি কমিটির লোকেদের আর দলপতির নিজস্ব টাকা, কিছু টাকা আর জমি বড়বাড়ির লোকেরা দিয়েছে।
অভিমানে, গৃহপ্রবেশের জন্যে আর চাঁদা তোলা হল না। উলটে কন্ঠিধারীরা সবার বাড়ি বাড়ি নেমন্তন্ন করে এল ছাপানো নিমন্ত্রণপত্র দিয়ে, দলপতির হাসিমুখের ছবি আর তারা কী কী করেছে পাড়ার উন্নতির জন্যে সেসব লিখে। 

গৃহপ্রবেশের দিন ঠিক হল কমিটির বর্ষপূর্তির দিন। অনেক লোক এল, এপাড়া ওপাড়া থেকে। দলপতি মুখে হাসি চোখে জল নিয়ে হাল্কা অভিমান আর অনেক খুশীতে ভাষণ দিল, পাশে মঞ্চে বসে রইল বড়বাড়ির কর্তারা।
আগে অনুষ্ঠানে বয়স্কদের, পাড়ার প্রবীণদের, আলাদা করে সম্মানের সাথে বসানো হত। তাদের আর দেখতে পাই না। আলাদা করে কেউ ডাকেনা, এলেও ভিড়ের মাঝে ওদের অসুবিধে হয়, বসার কোনো ব্যবস্থা থাকেনা, তাই নাকি কেউ আসেনা। অনেকেই দেখলাম এতে বেশ সন্তুষ্ট, কী দরকার শুধু শুধু সব কিছুতে বুড়োদের ঘটের মত বসিয়ে রেখে! 

পুরোহিতেরা যজ্ঞ করল। সাত্ত্বিক খিচুড়ি ভোগ হল।নতুন কমিটী আসা থেকে, অনুষ্ঠানে খাওয়াদাওয়ায় মাছ মাংসের চল উঠে গেছে।পুজোতে আগে নবমীর দিনে মাংস, অষ্টমী বাদে সবদিন মাছ হত, সেসব বন্ধ।বড়দিন আর পিকনিক এমনিই বন্ধ হয়ে গেছে, বিজাতীয় ব্যাপারস্যাপার, পাড়ার বাচ্চারা সব বিদেশী সংস্কৃতি শিখবে, শিখে উচ্ছন্নে যাবে। পৌষ মাসে একদিন নবান্ন উৎসব হয় মন্দিরে, আর বনভোজন হয়। তবে সবেতেই শুধু খিচুড়ি হয় বলে বেশীরভাগ বাড়ির ছেলেমেয়ারাই যেতে চায়না।

জানেন, চারপাশ একটু একটু করে বদলাচ্ছে মনে হয়, মানে এমনিই যে আমার মত লোকেরও চোখে পড়ে আজকাল।অবশ্য সময়ের সাথে সাথে সবই তো বদলায়।
 
এ পাড়ায় কয়েক পুরুষের বাস আমাদের, বাবা ঠাকুরদার আমলের পাড়া কী আর আছে নাকি। বাড়িতেও ইদানীং বদল দেখি। পুজো আচ্চার চল ছিলনা কোনোকালেই, পুজো বলতে যা ওই পাড়ার মন্দিরে, ছেলেমেয়ের জন্মদিনে বা তেমন কোনো উপলক্ষ্যে, গিন্নি মন্দিরের নিত্য পুজোর সাথে একটু ফল মিষ্টি কিনে ধরে দিয়ে আসত।একদিন দেখি ভাঁড়ার ঘরের কোণে একটি ছোট কাঠের পিঁড়ির ওপর, একটি পিতলের নাড়ুগোপাল। শুধু তাই নয়, পাশে আবার গীতার পকেটবুক। মেয়ে চুপিচুপি জানালো চাঁদা চাইতে এসে এক কন্ঠিধারী নাকি গীতা দিয়ে গেছে, দশটাকার বিনিময়ে।নাড়ুগোপাল কালির বাবা এনে দিয়েছে স্টেশনের পাশের বাসন দোকান থেকে। 

গীতা দিয়ে গেছে ঠিক আছে কিন্তু নাড়ুগোপাল আবার কেন, সেটা ঠিক পরিস্কার হল না। তবে এ নিয়ে আর কিছু বললাম না। নাড়ুগোপাল তবে নিতান্তই সরল ও মিতাহারী দেখা গেল, সকালে দুটি বাতাসা জল, আর সন্ধ্যেয় একটু ধূপ।
কদিন পরে গিন্নি নিজেই লজ্জা লজ্জা মুখ করে পুরো বৃত্তান্ত শোনালে। অমুক ঠাকুর(কমিটির এক কর্তা যিনি সাধারণত চাঁদা নিতে আসেন) জল চেয়েছিলেন একদিন, তা গিন্নি তার সাথে মিষ্টি দিতে গেলে উনি মিষ্টি তুলে রেখে প্রসাদী বাতাসা বা নকুলদানা দিতে বলেন। সেসব নেই শুনে রীতিমত আহত হন, এমন ভক্তিমতীর বাড়িতে ঠাকুরকে জল দেওয়া হয়না শুনে জল না খেয়েই বিদায় নেন (ভাগ্যিস চাঁদা আগেই নেওয়া হয়ে গিয়েছিল)।

এপাড়ায় অনেকের বাড়িতেই পুজোর পাট নেই, মন্দির তো আছে, পুজো দিতে সেখানে গেলেই হল। কালির মার সঙ্গে পরামর্শ করে গিন্নি শেষে নাড়ুগোপাল আনিয়ে, পরের বার তমুক ঠাকুরকে প্রসাদী বাতাসা খাইয়ে ভক্তিমতীর তকমাটিকে নড়বড়ে হওয়া অবস্থা থেকে আবার পোক্ত করলে। উপহার স্বরূপ এল গীতা, যা তার সকাল বিকেল পড়ার কথা, তবে এখনো শুরু করে উঠতে পারেনি!

যা গিন্নি বলেনি তা শুনলাম কালির মার থেকে। 

“দাদাবাবু, দু ঘর আছে না, আমাদের ওদিকে, যারা আমাদের মত পুজো করেনি, অন্যরকম পুজো করে? তাদের যে পাড়া ছেড়ে চলে যেতে বলছে গো নিত্যি দিন এসে, কমিটির লোকেরা। বলছে অন্য পাড়ায়, যেখানে ওদের মত পুজো করা আরো লোক থাকে সেখানে যেতে। কী কান্ড বল দিকি, সাতপুরুষের বাস এখানে, মনেই হয়নি ওরা আলাদা, এখন যাবে কুথায় বল? তাই তো বউদিকে বললাম গোপাল বসাও দিকি, নইলে তোমাদেরও যদি খেদিয়ে দেয়!” 

সকাল সন্ধ্যে পাড়ায় ঢোকার মুখটা এখন জমজমাট হয়ে থাকে। কমিটির অফিসবাড়ির দালান সরগরম, চাদ্দিকে আলো, লোকজন, কিসের ব্যস্ততা এত কে জানে। চেনা লোকও তেমন চোখে পড়ে না। প্রতিবেশী বললেন, কমিটির বা পাড়ার কাজকম্মের জন্যে আজকাল যদু মধুর লোকেরা, এছাড়া দলপতির পুরনো পাড়ার লোকেরাই সব দায়িত্বে থাকে। এপাড়ার দু একজন যারা কন্ঠিধারীদের দলে ঢুকেছিল, তাদের আসলে কোনো কাজ দেওয়া হয়নি।
সবই দলপতি আর তার প্রধান চেলা ওই যদু সামলায়। 

দিন যত যাচ্ছিল, অনুষ্ঠানের বহর তত বাড়ছিল।আমি অনেককালই ওদিকে যাই না, তবে না গেলেও মাইকে ভাষণ সারা পাড়ায় শোনা যায়। মেয়ের কাছে শুনলাম, অনুষ্ঠানে লোক নাকি তেমন হয়না, পাড়ার অনেকেই যায়না। হলে কী হবে, লোক যত কমছে, তত মাইকের সংখ্যা বাড়ছে।মাঝে মাঝে কী করছে কমিটি, কী কী করতে চায়, পাড়ার বাসিন্দাদের কীভাবে তাতে সাহায্য করতে হবে এসব নিয়ে দলপতির বাণী হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করা হয়, মন্দিরের দেওয়ালে, ল্যাম্পপোস্টের গায়, গাছের গুঁড়ি জুড়ে দলপতির সহাস্য সবিনয়ী মুখের ছবি সাঁটা হয়। 

এইসব নিয়েই চলছিল, মানে ওই আর কী, সাতেপাঁচে না থাকলে কমিটিতে যেই থাকুক, আমার কী! তা সেরকম থাকা আর গেল কই! 

অফিস থেকে ফিরে দেখি ছেলে চুপচাপ বাইরের ঘরে বসে আছে, যেসময় বন্ধুর বাড়ি বা ষ্টেশনের ঠেকে আড্ডা মারতে যাওয়ার কথা, সেসময় বাড়িতে বসে, চিন্তা হল। সরাসরি কোনো জবাব না দিয়ে শুধু বলল,
“বাবা, কলেজ শেষ হলেই আমি কিন্তু হায়ার স্টাডিজের জন্যে বড় শহরে যাব। এপাড়ায় একদম থাকবনা।"
আসল ঘটনাটা মেয়েটা এসে চুপিচুপি জানালো। যদুর লোকেরা নাকি দাড়িওয়ালা ছেলেছোকরাদের আড্ডাঘর ভাঙচুর করে সবাইকে ধরে মেরেছে, ঘর থেকে বার করে সেখানে তালা লাগিয়ে দিয়েছে। ছেলেরা তার আগে সকালে দলবেঁধে কমিটির অফিসে গিয়ে কর্তাদের কাছে জবাব চেয়েছিল, পাড়ায় কোনো কাজ নাকি হচ্ছেনা, অনেক আজেবাজে ব্যাপার হচ্ছে, খোলার চালের ঘরের লোকেদের সমান অধিকার দেওয়া বন্ধ, আগে মাংস কম দিয়ে ঝোলের আলু দিত, এখন খেতে দেওয়াই হয় না। যদু তখন ছিলনা, তার ভাই মধুর দলের কিছু লোক ছেলেগুলোকে ধাক্কা মেরে বার করে দিয়ে গেট বন্ধ করে দেয়। পরে যদু ফিরে সব শুনলে আড্ডাঘরে গিয়ে হানা দেয়, ছেলেদের শায়েস্তা করতে। পাড়াময় চাপা অশান্তি চলছে, একদিকে কমিটি ও যদুমধুর দল, অন্যদিকে ছেলেরা আর খোলার চালের ঘর।
ছেলেকে বারণ করলাম ওই দাড়িওয়ালাদের সঙ্গে এসব ঝামেলায় একদম না থাকতে।

“বড়শহরে যাব বললেই তো আর হয় না। এক তো খরচ একগাদা। তার ওপর সেখানের যে কমিটির হেড সে শুনি তেমন সুবিধের নয়। অন্য শহরের লোকেদের ঢুকতে দেবেনা বলছে। যারা আছে তাদেরও নাকি শীগগির আইন করে বার করে দেবে। পয়সা খরচ পড়তে যাওয়া হয়ত যাবে, কিন্তু পড়া শেষ হলে আর থাকতে দেবেনা, ওখানে চাকরিও করতে দেবেনা। তখন তো সেই এখানেই ফিরতে হবে!“

ছেলে সব শুনে গোঁজ হয়ে নিজের ঘরে চলে গেল। 

ভেবেছিলাম একটু বেরিয়ে খবর নিয়ে আসব, কিন্তু গিন্নি হাঙ্গামার মাঝে বেরোতে দিলনা। পরদিন ছুটি ছিল, সকালে মাইকে ঘোষণা হচ্ছে শুনলাম মন্দিরের চাতালে সভা আছে, পাড়ার সবাইকে আসতে হবে, না এলে জল বন্ধ হলেও হতে পারে।চাতালে সভা অনেককাল বন্ধ হয়ে গেছে, এমনকি সন্ধ্যের আড্ডাও আজকাল আর বসেনা। নিন্দুকেরা বলে একটু রাত্তির হলে যদুর লোকেরা ওখানে তাস আর গাঁজার আসর বসায়। আজকাল সন্ধ্যে হলেই সবাই ঘরে ঢুকে পড়ে। এমনিতেই বেশীরভাগ জায়গায় আলো নেই, কেমন থমথম করে সারা পাড়া। রোশনাই শুধু ওই তিন বড়বাড়ি আর কমিটির অফিসে।
প্রতিবেশী সকালে এল। আগে গিন্নি ওকে পছন্দ করত না, একটু কাঠ কাঠ কথা বলে বলে। আজ দেখলাম খুব আন্তরিক আপ্যায়ন করল।

“আসুন দাদা, কতদিন আসেন না। আজকাল আর চেনা লোকেদের দেখতেই পাইনা, যাতায়াতও সব বন্ধ। এতকালের পুরনো পাড়ার মধ্যে থেকেও কেমন মনে হয় অচেনা জায়গায় বাস করছি।বসুন, আমি চা করে আনি।“

প্রতিবেশী গিন্নিকে কিছু বলল না, খালি হাসল।আমিই কথাটা তুললাম,
“হঠাত মন্দির চাতালে সভা, ব্যাপার কী, কিছু জানেন নাকি?”
“না তা ঠিক জানিনা, তবে কালকের ব্যাপার নিয়ে হতে পারে। শুনেছেন তো সব?”
“ওই আড্ডাঘর ভাঙচুরের কথা বলছেন তো? শুনেছি। তবে ছেলেরাই বা ওভাবে চড়াও হয়েছিল কেন। সেরকম কিছু বলার থাকলে, পরের মিটিং বা সভায় সব পাড়ার বড়রা যখন একজায়গায় হবে তখন কথা তুলতে পারত।“
প্রতিবেশী দাদা চোখদুটো ছোট করে মাথাটা একটু এগিয়ে নিয়ে এসে, চাপা স্বরে বলল,
“শেষ কবে পাড়ায় সভা বা মিটিং হয়েছে, আপনি আমি গেছি তাতে, মনে পড়ে?”
আমি এবার আমতা আমতা করি।
“তা অনেকদিন হয়নি বটে, তবে হবে তো কোনদিন নিশ্চয়ই।“
“এত পুজো হল, নতুন বছর এল, নবান্ন হল, আজ এই পহর, কাল সংকীর্তন, এসব করার আগে মিটিং হয়েছে?”
“আহা, এসব তো কমিটি করবে, ওরা নিজেদের মধ্যে করেছে হয়ত।“
“তাহলে আর আপনাকে বা পাড়ার লোকেদের ডাকবে কী করতে! তাহলে ছেলেরা কমিটি অফিসে নালিশ জানাতে গিয়ে ভুলটা কী করেছে?”

যুক্তিটা ঠিকই আছে। তাও আমার মনে হয়, ছেলেগুলোর অল্প বয়স, গরম রক্ত, হয়ত রাগ টাগ দেখিয়েছে, ধীরেসুস্থে বুঝিয়ে কথা বললে এমনটা হতনা।

“তার জন্যে তো ধাক্কা মেরে বার করে দিয়েছে। তাহলে আবার যদু ওদের আড্ডাঘরে হামলা করল কেন? শুধু তাই নয়, দুজন পান্ডা ছেলেকে থানায় ধরে নিয়ে গিয়ে আটক করে রেখেছে। ওদের বাবারা রাত থেকে থানায় বসে। বড়বাবু বলছে কমিটির লোকেরা ডায়েরী করেছে, ওরা নাকি ছুরি লাঠি নিয়ে অফিসে হানা দিয়েছিল, দলপতিকে মেরে ফেলাই ওদের উদ্দেশ্য ছিল। 

এসবই নাকি ওরা আগের কমিটির কত্তাদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্র করে করছে। পাড়ার ভালো হচ্ছে, লোকে এই কমিটির কাজে খুশী আছে, এ নাকি ওদের সহ্য হচ্ছেনা!

মনে হয় এই কথাগুলো পাড়ার লোককে জানাতে সভা ডেকেছে, এতদিনে এই প্রথম বার। যাতে পাড়ার কেউ ছেলেগুলোকে বা আগের কত্তাদের কথা না শোনে।”

গিন্নি চা নিয়ে এসে চুপচাপ কথা শুনছিল। একটু অবাক হলাম, কন্ঠিধারীদের পক্ষ নিয়ে কিছু না বলায়।
“সে নাহয় বুঝলাম, কিন্তু এখন ছেলেগুলোর কী হবে? ওদের এত নালিশই বা কিসের ছিল যে একেবারে এভাবে চড়াও হল? পাড়ায় তো সব মোটামুটি ঠিকই চলছে। মানে ওই মাইক সংকীর্তনের একটু বাড়াবাড়ি আর সবেতেই খিচুড়ি, এছাড়া আর সমস্যা কিসের?”

প্রতিবেশী ও গিন্নি চোখ চাওয়াচাওয়ি করলে। কী একটা ব্যাপার যেন এরা জানে অথচ আমি ঠিক ধরতে পারছিনা।
“এত বড় অফিস বাড়ি তৈরি হয়ে গেল কমাসে, অথচ খোলার চালের ঘরের স্নানঘরের সেই চার থাম হয়ে রয়ে গেছে, দেওয়াল আর ছাদ আজও হলনা। আগে যা আলো জ্বলত এখন তাও জ্বলেনা। অফিস যান, রাস্তা আর ড্রেনের অবস্থা দেখেছেন, পাড়ার মধ্যে গরু পচা গন্ধ, অথচ সাফাইয়ের আলাদা টাকা দিচ্ছি সবাই, সে বাবদে মাইনেও নিচ্ছে যদুর দলের লোক।“

গিন্নি ধরতাই দিল,
“স্কুল কলেজে মেয়েদের আসা যাওয়ার পথে ওই অফিসঘরের থেকে নানা অশ্লীল কুমন্তব্য ভেসে আসে, মেয়েগুলো ভয়ে কাঁটা হয়ে ওই জায়গা পেরোয়।সন্ধ্যের পর মন্দির চত্বরে গাঁজার আড্ডা বসে।সারা বছরে ওই তো কবার খিচুড়ি খাওয়ায় অথচ চাঁদা নেয় আগের থেকে অনেক বেশী। অফিসঘরের দোতলায় দলপতি আর যদু থাকে, সেখানকার সাজসজ্জা দেখলে নাকি তাক লেগে যাবে, কাজের লোকের মুখে শোনা যায়।
পাড়ার লোককে খিচুড়ি খাওয়াচ্ছে, অথচ কালির মা বলে, অফিসঘরের পেছনের নালার ধারে মাংসের হাড়, মাছের কাঁটা সব পড়ে থাকে, কুকুর বেড়াল ভিড় করে রোজ।“

বদল টের পেলেও, অশুভ একটা ছায়া পাড়ায় অনুভব করলেও, ছাপোষা মধ্যবিত্ত মানুষ, সকাল থেকে সন্ধ্যে অফিস, পাড়ায় আর কতটুকু থাকি, তাই এতদিন চোখ বুজে, না দেখার ভান করেই কাটিয়ে দিচ্ছিলাম, বুঝলেন কিনা।কিন্তু সব দিক থেকেই পাড়ার হাওয়া ঠিক ভালো ঠেকছে না। 

মেয়েটা মায়ের ডাকে এসে চায়ের ট্রে নিয়ে গেল, ওর মুখটা দেখে গলার মধ্যে কী আটকে গেল। অফিস বাড়ির সামনে ওই বাইকের ভিড়, যদু মধুর দলের ষণ্ডা ষণ্ডা সব লোকগুলো, হাতে স্টীলের বালা, গলায় চেন, লাল চোখ, আর তাদের মাঝে কন্ঠিধারী চকচকে বিনয়ের অবতার দলপতির চোখের দৃষ্টিটা মনে পড়ে বুকটা কেঁপে উঠল।
জল খেয়ে একটু ধাতস্থ হয়ে প্রতিবেশী দাদাকে বলি,
“তা আগের কমিটির কত্তারা কোথায়? সবাই মিলে ওদের আবার ফিরিয়ে আনলে হয়না? চলুন পাড়ার সবাই গিয়ে ওদের রাজী করিয়ে তারপর তিন বড়বাড়ির ওদেরকে গিয়ে সব জানাই।“
প্রতিবেশী দাদা একটু শুকনো হাসি হাসলে,
“তাদের কোথায় পাবেন? একেবারে যারা বুড়ো তারা হয়ত বাড়িতে বসে আছে, অন্যরা পুলিশের ডায়েরীর ব্যাপার জানতে পেরে ভয়ে গা ঢাকা দিয়েছে।বড়বাবুর তো আবার দলপতির সঙ্গে দহরম খুব, আগের বড়বাবু বদলি হলে নিজের পুরনো পাড়ার থানা থেকে ব্যবস্থা করে একে এনেছে।ওর নামে যত মামলা ছিল, সব একে একে এই বড়বাবু আর তার দলই তো খালাস করে দিয়েছে।
আর বড়বাড়ির কর্তারাই তো এ কমিটিকে এনেছে। তাদের কলামুলোর লাভ বেড়ে বেড়ে কোথায় গিয়েছে হিসেব রাখেন। তারা এদের সরাতে রাজী হবে কেন?”
“তাহলে কী হবে?”

ভেবে ভেবে কেউই কোনো উত্তর পেলাম না।লুকিয়ে চুরিয়ে দুজনে মিলে পাড়ার পুরনো কিছু বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, সবাই একমত যে এরা পাড়ার সর্বনাশ করছে, কিন্তু এদের দলে যদু মধু বড়বাড়ি, বিরুদ্ধে আমরা ছাপোষা লোকজন, পেরে উঠব কেন! ছেলেগুলোর সঙ্গে যা করছে এরা তাতে ভয় আরো বেড়ে যাচ্ছে।

একমাত্র শুনলাম খোলার চালের ঘরের সবাই নাকি এককাট্টা হয়েছে, দরকার হলে তারা লড়াই করবে যদুর দলের সঙ্গে।কন্ঠিধারীরাও মনে হয় এদেরই কিছুটা ভয় পাচ্ছে, তাই সভা ডেকেছে, যাতে বাকীরা ভয় পেয়ে এদেরও ভালো কথায় আটকায়। পুরনো লোকেদের কথা এরা শুনবে।
সভাতে কেউ সেরকম যায়নি শুনলাম, এসব প্রসঙ্গও শেষ অবধি ওঠেনি।কী হয়েছিল ঠিক জানিনা, তবে লোক হয়নি দেখে হোক বা পাড়ার লোকের ভাব দেখেই হোক, বড়বাড়ির কর্তারা বা দলপতি কেউ আসেনি, কারোর জল বন্ধও করেনি। 

পুরনো কমিটির দলটা ভেঙ্গে গেলেও একজন উকিল ছিল ওই দলে, সে এমনিতে চুপচাপ থাকত, তাই তাকে কেউই খুব একটা আমল দেয়নি কোনোকালে। শেষে দেখা গেল তিনিই সমস্ত ব্যবস্থা করে ছেলেগুলোকে জামিনে ছাড়িয়ে আনলেন। উকিলবাবু বড়বাবুকে জোর করে যদুর দলের পাণ্ডাদের বিরুদ্ধে পালটা ডায়েরী লেখানোর পর থেকেই পুলিশও একটু চুপচাপ। আগের কমিটির গা ঢাকা দেওয়া লোকেরা এক দুই করে পাড়ায় ফিরতে শুরু করল।
পরদিনই অফিসে লোনের দরখাস্ত করলাম, ছেলে মেয়ে দুটোকে যেমন করে হোক অন্য শহরে পাঠাতে হবে।এ পাড়ায়, এ শহরে রাখতে আর সাহস হয় না!

এদিকে তলে তলে পাড়ায় ভালো গণ্ডগোল দানা বাঁধছে। খোলার চালের ঘরগুলোর বেশীরভাগেরই কাজ নেই। পাড়ায় যা কাজ করত সেসব কাজ অনেকদিন চলে গেছে, অন্য পাড়ায়ও তেমন কাজ নেই, আর সেখানেও তো ওদের মত আরো আছে।আগে পাড়ায় সবাই মিলেমিশে থাকত, এক পরিবারের মত এ ওর দরকারে সাহায্য করত, সেসব এখন আর নেই। কেউ কাউকে ঠিক বিশ্বাস করতে পারেনা। কে আসলে ওদের লোক আর কে এদের তা বোঝা যায়না, সবাই সবাইকে সন্দেহ করে। শুধু বড়বাড়ির লোকেদের কোনো হেলদোল নেই, তাদের আগের মতই বা আগের থেকেও বেশী বাড়বাড়ন্ত!
চারিদিকে থমথমে ভাব, কী যেন হয় হয়, বেশ অস্বস্তির মধ্যে দিনগুলো কাটছিল। সেদিন সন্ধ্যেবেলা দেখি কালির মা এসে কালিকে আমাদের বাড়ি রেখে গেল। গিন্নি দেখলাম চুপচাপ কালিকে ছাদের ঘরে বইখাতা খাবার দিয়ে রেখে এল, নীচে আসতে বারণ করে।

বাইরে বারান্দায় বসেছিলাম, প্রতিবেশী বেরিয়ে কোথায় একটা যাচ্ছিল। ডাক দিতে হাত দেখিয়ে প্রথমে দূর থেকে বলল,
“পরে কথা হবে।“
পরক্ষণে কী ভেবে একটু এগিয়ে এসে চাপা গলায় বলল,
“আজ রাতটা গোলমেলে, চোখ কান খোলা আর পারলে একটু সজাগ থাকবেন।“
গিন্নি, প্রতিবেশী, কালির মা এরা সবাই যেন কিছু একটা করছে বা কিছু একটা জানে। এমনকি ছেলে মেয়ে দুটোও ঘরে গুজগুজ করছে, আমাকে দেখে চুপ করে গেল।
ছাপোষা মানুষ, দেখেশুনে এক অশুভ আশংকায় বুক কাঁপছিল জানেন, কিন্তু জিজ্ঞেস করার মত হিম্মতও ছিলনা। 

রাতে সজাগ ছিলাম বলেই মনে হয়, মাঝরাতে একটা হইচইও শুনলাম যেন। কিন্তু অত রাত, কেউ তো ডাকে টাকে নি, তাহলে আর আমি বেরোবো কেন? তাছাড়া শোনার ভুলও হতে পারে, এসব সাতপাঁচ ভেবে ভেবে ঘুমিয়েই পড়েছিলাম।

আসলে কী যে হয়েছিল জানিনা ঠিক। সামনের দিনে আর কী হবে তাও জানিনা। খোলার চালের ঘরগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু স্নানঘরের চারটে সরু থাম দাঁড়িয়ে আছে! লোকগুলো সব কোথায় গেছে কেউ বলতে পারছেনা। ওই মেয়েটা, যে মেয়েদের ঘরের দরজা আগলে দাঁড়িয়েছিল রাতে, তাকে শেষপর্যন্ত পাওয়া যায় পেছনের বনটায়, রক্তাক্ত অবস্থায়, তুলে হাসপাতালে নিয়ে গেছে দাড়িওয়ালা ছেলের দল!আর তারপরই খোলার ঘরের আগুন সারা পাড়ায় ছড়িয়ে পড়ে।
অফিসবাড়ির সামনের দিকটা আর আস্ত নেই।কালো দেওয়াল, ভাঙ্গা পাঁচিল, কাঁচের টুকরো। খোলার চালের তুলনায় হয়ত তেমন কিছু নয়, তবে আরো কিছু ভেঙেছে যা দেখা যায়না। আপাতত ঘর খালি করে দলপতি ফিরে গেছে পুরনো পাড়ায়, চেলাদেরও দেখা যাচ্ছেনা।আমাদের পাড়া ঘিরে আছে সেই ছেলেগুলো, আর সব বুড়োর দল, আগের কমিটি, পাড়ার লোক সব মিলে মিশে গেছে। আমার ছেলে মেয়ে প্রতিবেশী সবাইকেই বোধহয় সেখানে পাওয়া যাবে, ঘরে কেউ নেই। যদু মধু কন্ঠিধারীর দল, কাউকেই আর ঢুকতে দেওয়া হবেনা, সবাই বলছে পালা করে পাহারা দেবে প্রতিটি সীমানায়, বলছে জান কবুল!

বড়বাড়িগুলোর দরজা জানালা সব বন্ধ। আর কিছু নয়, কারা নাকি বাড়ির সামনের রাস্তার আলোর বাল্বগুলো সব ইট মেরে ভেঙ্গে দিয়েছে। আজ রাতে হয়ত ওদের বাড়ির সামনে অন্ধকার থাকবে, খুব কিছু এসে যাবেনা ওদের, তবু সেই অন্ধকার, এ পাড়ার এতদিনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দিলেও দিতে পারে! 

থানার বড়বাবু দলবল আর দমকল নিয়ে দলপতিকে উদ্ধার করে নিয়ে গেছে সকালে, খোলার চালের ঘরের আগুন সবার মনে ছড়িয়ে এদের অফিসবাড়িকেও গ্রাস করেছিল যে।যে কোনো কারণেই হোক থানার ওরাও এপাড়ায় আর ঢোকেনি। তারা ওই নিখোঁজ লোকগুলোকে খুঁজছে এখন।
আমার যে ভয় করছেনা তা নয়, তবে একটু একটু করে ভয়টা যেন কাটছেও।নিজের জন্যে এক কাপ চা করে নিয়ে দুয়ারে এসে দেখি ছাদের সিঁড়ির ওখান থেকে একটা ছোট্ট মুখ উঁকি দিচ্ছে, চোখে কিছুটা ভয়, কিছু জড়তা। 

নাঃ, আর বাড়িতে বসে থাকা গেলনা, বুঝলেন, বেরোতেই হল।চললাম কালির হাত ধরে মন্দিরের চাতালে, পাহারার দলের বাকী লোকেরা ছিল সেখানে, আমার পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা, আগের মতন, সব কিছুতেই এসে যেমন জুটতাম সবাই, সেরকমই।
নালাটা পেরিয়ে যে ঘরগুলো ছিল, ছাই হয়ে গেছে যেগুলো, সেগুলো গড়ে তুলতে হবে আবার, লোকগুলো ফিরে আসবে, যতদিন না আসে, এভাবেই সারা পাড়া বসে থাকবে, অপেক্ষায়, এই চাতালে।

Comments

Popular posts from this blog

ভগবানের আপন দেশে - জলপথে একদিন

গাঁয়ের কথা - দুই নম্বর (১ম পর্ব)