পুজোর কথা - পুজোর গান
( পূর্বকথাঃ আমাদের বাড়ির দুর্গাপূজা পাঁচশ বছরের পুরনো। বর্গির হাঙ্গামার সময় আর সাতাত্তরের বন্যার সময় এই দুইবার শুধু ঘটে পুজো হয়েছিল। এছাড়া আজো পুজো হয় প্রতিমা গড়ে, মন্দিরে। সুখের বিষয় সময় বদলালেও আমাদের বাড়ির পুজোর ধরণধারণ আজো খুব একটা বদলায়নি। ধুমধাম কমেছে কারণ লোক কমেছে, বলি আজও হয় তবে সংখ্যায় কমেছে, কিন্তু নিয়মকানুন সব আজও প্রায় অপরিবর্তিত। পুজোর কদিন হয় মন্দিরের সামনের আটচালায় শিবায়ন গান। আমাদের শুধু নয় বাবাদের ছোটবেলায় ও তারও অনেক আগে থেকে এবাড়ির এই প্রথা। গানের গল্প একই রয়ে গেছে। আগে যখন আশেপাশে বারোয়ারি পূজা তেমন ছিলনা, ছিলনা টিভি বা যাত্রা নাটকের প্রকোপ, সেইসব দিনে এই পালাগানে ভিড় হত খুব, বসতে জায়গা পাওয়া যেতনা, আশেপাশের পাড়া, গ্রাম থেকে লোক আসত এই পালা শুনতে। এখন আসরে লোক প্রায় থাকেনা, বাড়ির লোকেরাও বসেনা, এক এক সময় মনে এই বুঝি শেষ বছর, এই পালাগান সামনের বছর আর হবেনা। যারা এই গান করেন তাদের পরের প্রজন্মও আর এ গান করতে চায়না। তবু এসব নানা সমস্যার মধ্যেই এখনো বন্ধ হয়নি শিবায়ন গান। কিছু নিজের স্মৃতি ও কিছু যারা গান করেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে লিখে রেখেছি যতট...